পরিচিতি -বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রকাশনা বিভাগ: বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রকাশক: মাওলানা আবুতাহের মুহাম্মদ মা’ছুম
প্রথম প্রকাশ : সেপ্টেম্বর ১৯৮১
৫৪তম মুদ্রণ – এপ্রিল ২০২৫, বৈশাখ ১৪৩২, শাওয়াল ১৪৪৬
এক নজরে
বাংলাদেশ জামায়াতে ইসলামী
– ইসলামী জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা।
– উন্নত চরিত্র গঠনের এক মজবুত সংগঠন।
– জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচি।
– জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন।
প্রকাশকের কথা
বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি পরিচিত নাম। দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে মানুষের মুক্তি ও কল্যাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য, আমাদের কর্মসূচি, আমাদের কাজের ধারা যাদের কাছে সঠিকভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে তাদের মধ্যে অনেকেই জামায়াতের সাথে একাত্মতা প্রকাশ করছেন। অনেকে সরাসরি জামায়াতে যোগ দিতে না পারলেও জামায়াতকে পছন্দ করছেন। এভাবে জামায়াত ক্রমেই এ দেশের গণমানুষের সংগঠনে পরিণত হচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন ও হাদিসের আলোকে মানুষকে রাঙিয়ে তুলে সমাজ থেকে অসততা, বেইনসাফী, প্রতারণা, ঘৃণা ও প্রতিহিংসার মূল উৎপাটন করে দেশ ও জাতিকে বাঁচাতে চায়। এ কাজ করতে গেলে অতীতের ন্যায় বিরোধিতা আসবে। নানা মিথ্যা প্রচারণা করে, জুলুম-নির্যাতন চালিয়ে, ভয়-ভীতি দেখিয়ে এ কাজ থেকে জনগণকে দূরে সরিয়ে দিতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু জুলুম, নির্যাতন, মিথ্যাচার, ষড়যন্ত্র জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকে কখনোই ধ্বংস করতে পারেনি। এটাই ইতিহাসের শিক্ষা এবং এদেশের মানুষের হাজার বছরের ইতিহাস।
আমাদের পূর্ব পুরুষগণ পরাধীনতার বিরুদ্ধে লড়াই করেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছেন। সবশেষে পাকিস্তানী শাসকচক্রের শোষণ ও জুলুমের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি-রাষ্ট্রের মর্যাদা লাভকরেছে, শোষণহীন এক সমাজ গড়ার প্রবল আকাঙ্ক্ষা বুকে নিয়ে। কিন্তু অর্ধশতাব্দী অতিক্রান্ত হলেও জনগণ আজও খুঁজে পায়নি সেই কাঙ্ক্ষিত মুক্তি, শোষণহীন সেই সমাজ। অথচ এ মুক্তির পথনির্দেশ লুকিয়ে আছে আমাদের ঘরে রাখা পবিত্রতম গ্রন্থ আল কুরআনে। জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ চাইলে এ কুরআনকেই আঁকড়ে ধরতে হবে সর্বোতভাবে। এ লক্ষ্যেই জামায়াতের সংক্ষিপ্ত পরিচিতি এ পুস্তিকায় তুলে ধরা হলো।